ব্যবহারের শর্তাবলি
সংস্করণ ২০২৬-১০-০১ · কার্যকর ১ অক্টোবর, ২০২৬ থেকে
বাংলা পাঠই মূল; ইংরেজি পাঠ সুবিধার জন্য দেওয়া অনুবাদ।
আমরা অনলাইন দোকান বানানো আর চালানোর সফটওয়্যার আর হোস্টিং দিই; দোকানের বিক্রেতা আপনি। নিচের শর্তগুলো সহজ ভাষায় লেখা। কোনো কথা বুঝতে না পারলে আমাদের জিজ্ঞেস করুন।
১. এই শর্ত কী, কার জন্য
- এটা আপনার (দোকানের মালিক) আর আমাদের মধ্যে চুক্তি। "আমরা" মানে স্টল নাউ; স্টলনাউ আমাদের সেবার নাম।
- আমন্ত্রণের লিংকে "শর্তাবলি আর গোপনীয়তা নীতি পড়েছি এবং মেনে নিচ্ছি" বেছে অ্যাকাউন্ট খুললে এই চুক্তি শুরু হয়।
- আপনার দোকানের স্টাফরাও নিজেদের কাজে এই শর্ত মানবেন। স্টাফের কাজের দায় দোকানের মালিকের।
- ক্রেতার সাথে আপনার কেনাবেচার চুক্তি আলাদা। সেটা আপনার দোকানের "শর্তাবলি", "ডেলিভারি নীতি" আর "রিটার্ন ও রিফান্ড" পাতায় থাকে।
- এই শর্তের বাংলা পাঠই মূল। ইংরেজি পাঠ সুবিধার জন্য দেওয়া অনুবাদ; দুটোয় অমিল হলে বাংলা পাঠ মানা হবে।
২. কয়েকটা শব্দের মানে
- "দোকান": আমাদের সফটওয়্যারে চলা আপনার অনলাইন দোকান, তার ঠিকানা আর তার অ্যাডমিন।
- "অ্যাডমিন": দোকান চালানোর পাতা; দোকানের ঠিকানার শেষে /admin লিখলে খোলে।
- "মালিক": দোকানের দায়িত্বে থাকা মানুষ। "স্টাফ": মালিক যাঁদের অ্যাডমিনে যোগ করেন। "ক্রেতা": যিনি দোকান থেকে কেনেন।
- "প্যাকেজ": স্টার্টার, গ্রোথ বা প্রো। "নমুনা দোকান": প্যাকেজ নেওয়ার আগে আমরা বিনা খরচে যে দোকান বানিয়ে দেখাই।
- "বিল": প্যাকেজের জন্য আমাদের পাঠানো টাকার হিসাব; প্রতিটা বিলের একটা নম্বর থাকে, যা শুরু হয় EC দিয়ে।
- "অপারেটর": আমাদের কর্মী, যিনি দোকান বানান আর আপনাকে সাহায্য করেন।
৩. কারা ব্যবহার করতে পারবেন, আর অ্যাকাউন্ট
- বয়স অন্তত ১৮ বছর হতে হবে, আর ব্যবসাটা বাংলাদেশে বৈধ হতে হবে।
- নিজের সঠিক নাম আর মোবাইল নম্বর দেবেন; ইমেইল দিলে সেটাও সঠিক হতে হবে।
- প্রতিটা দোকানে অন্তত একজন মালিক থাকেন। প্যাকেজ অনুযায়ী আপনিসহ কতজন অ্যাডমিনে ঢুকতে পারবেন, তা দামের পাতায় লেখা (stallnow.com/#pricing)।
- অ্যাডমিনে ঢোকা যায় মোবাইল নম্বরে এসএমএস কোড দিয়ে, অথবা ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে। কোড ৫ মিনিট কাজ করে।
- কোড বা পাসওয়ার্ড কাউকে দেবেন না। আমাদের কেউ কখনো আপনার কাছে কোড বা পাসওয়ার্ড চাইবে না।
- মোবাইল নম্বর বদলালে বা সিম হারালে অ্যাডমিনের "আমার অ্যাকাউন্ট" পাতায় নম্বর বদলে নিন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে জানান।
- অ্যাকাউন্টে অচেনা কিছু দেখলে সাথে সাথে আমাদের জানান।
৪. নমুনা দোকান
- নমুনা দোকান বানাতে টাকা লাগে না। আপনি যে ছবি পাঠান বা অনুমোদন করেন, শুধু সেগুলো দিয়েই বানাই।
- নমুনা দোকান ৩০ দিন খোলা থাকে, অর্ডার নেয় না, আর গুগলে আসে না। ভাবতে আরও সময় লাগলে মেয়াদ বাড়াতে পারি।
- প্যাকেজ না নিলে মেয়াদ শেষের ১৪ দিন পর দোকানের সব তথ্য আর ছবি মুছে যায়; আমাদের সার্ভারের ব্যাকআপ থেকেও পরের ৩০ দিনের মধ্যে মুছে যায়।
- প্যাকেজ নিলে একই দোকানে অর্ডার নেওয়া শুরু হয়।
৫. প্যাকেজ, দাম আর বিল
- প্যাকেজের দাম, সীমা আর সুবিধা আমাদের দামের পাতায় লেখা (stallnow.com/#pricing)। বিল হয় বাংলাদেশি টাকায়, মাসে মাসে অথবা বছরে একবার; বছরের দাম দশ মাসের দামের সমান।
- আপনার দোকান প্রথম যেদিন অর্ডার নিতে শুরু করে, সেদিন থেকে প্যাকেজের মেয়াদ গোনা হয়, আর বিনা খরচের দিন থাকলে সেগুলো শেষ হওয়ার দিন থেকে; এই শর্ত প্রকাশের আগে চালু হওয়া দোকানে গোনা হয় যেদিন আমরা বিল শুরু করি সেদিন থেকে, আর তার আগের দিনগুলোর টাকা লাগে না। প্রতিটা মেয়াদ ঢাকার সময় রাত বারোটায় শুরু হয়, আর পরের মাসের (বাৎসরিক হলে পরের বছরের) একই তারিখে শেষ হয়; সে মাসে ওই তারিখ না থাকলে মাসের শেষ দিনে।
- নতুন দোকানের প্রথম ৭ দিন বিনা খরচে, আর এই দিনগুলোতেও দোকান অর্ডার নেয়। আমাদের অপারেটর আপনার দোকানে বিনা খরচের দিন কম-বেশি করতে পারেন; করলে তা লিখে জানাই।
- প্রতিটা মেয়াদের বিল তৈরি হয় মেয়াদ শুরুর ৭ দিন আগে, আর দিতে হয় মেয়াদের প্রথম দিনের মধ্যে। চলতি মেয়াদের বেশি আগাম কখনো দিতে হয় না। বিল তৈরির পর প্যাকেজ, মেয়াদ বা দাম বদলালে সেই বিল বাতিল করে নতুন হিসাবে আবার পাঠাই; টাকা আগেই দেওয়া থাকলে তা নতুন বিলে জমা হিসেবে কাটা যায়।
- বিল আর রসিদ অ্যাডমিনের "বিল ও পেমেন্ট" পাতায় থাকে। বিল তৈরি হলে আর দেওয়ার দিনে এসএমএস পাঠাই।
- টাকা দেবেন বিলের পাতায় লেখা বিকাশ বা নগদ নম্বরে, রেফারেন্সে বিল নম্বর লিখে; তারপর লেনদেন নম্বর (TrxID) অ্যাডমিনে দেবেন। আমাদের কর্মী মার্চেন্ট অ্যাকাউন্টে টাকাটা মিলিয়ে বিল পরিশোধিত করেন। পাতায় "বিকাশে দিন" বোতাম থাকলে সেটা দিয়েও দেওয়া যায়। অন্য কোনো উপায় লাগলে হোয়াটসঅ্যাপে জানাই।
- আমরা নিজে থেকে কোনো টাকা কাটি না; প্রতিটা বিল আপনি নিজে দেন।
- বিলের চেয়ে বেশি টাকা দিলে বাড়তিটা জমা থাকে, আর পরের বিল থেকে বাদ যায়। প্যাকেজ বন্ধ হলে জমা টাকা ফেরত দিই।
- আপনার বিক্রির ওপর আমরা কোনো কমিশন নিই না।
- আমাদের বিলে এখন কোনো ভ্যাট যোগ করা হয় না। কখনো ভ্যাট দিতে হলে তা প্রকাশিত দামের মধ্যেই ধরা থাকবে; তার জন্য দাম বদলাতে হলে নিচের নিয়মে আগে জানাব।
- দাম বাড়ালে অন্তত ৩০ দিন আগে এসএমএস বা হোয়াটসঅ্যাপে জানাব, আর নতুন দাম লাগবে তার পরে শুরু হওয়া প্রথম মেয়াদ থেকে। যে মেয়াদের টাকা দেওয়া হয়ে গেছে, তার দাম বদলায় না। দাম কমলে পরের মেয়াদ থেকেই কম দাম লাগে।
৬. সময়মতো টাকা না দিলে
- বিল দেওয়ার শেষ দিনের পর ৭ দিন সময় থাকে; এর মধ্যে দোকান পুরোপুরি খোলা থাকে। এই সময়ে এসএমএসে মনে করিয়ে দিই, আর অ্যাডমিনে লেখা দেখাই।
- এর মধ্যে টাকা না এলে শেষ দিনের ৭ দিন পর সকাল ১০টায় দোকান ক্রেতাদের জন্য বন্ধ (স্থগিত) হয়। বন্ধের আগে এসএমএসে তারিখ আর সময় জানিয়ে দিই।
- দোকান বন্ধ থাকলেও অ্যাডমিন খোলা থাকে: অ্যাডমিনের "তথ্য নামান" পাতা থেকে অর্ডার, ক্রেতা আর পণ্যের তালিকা নামাতে পারবেন, আর বিল দিতে পারবেন।
- কোনো বিলের জন্য টাকা পাঠিয়ে প্রথমবার লেনদেন নম্বর দিলে, সেটা যাচাই শেষ না হওয়া পর্যন্ত আমরা দোকান বন্ধ করি না। যাচাইয়ে না মিললে, সেই বিলে পরে দেওয়া নম্বরের জন্য দোকান বন্ধ করা আর আটকে থাকে না।
- বকেয়া দিলে সাথে সাথে দোকান আবার খোলে, আর নতুন মেয়াদ গোনা হয় টাকা দেওয়ার দিন থেকে; বন্ধ থাকা দিনগুলোর টাকা লাগে না।
- দেরির জন্য কোনো জরিমানা নেই। দোকান ৯০ দিনের বেশি বন্ধ থাকলে পুরোনো বিল বাতিল করি, যাতে বকেয়া না জমে; আবার চালু করতে নতুন বিল দিতে হয়।
- বকেয়ার কারণে আমরা দোকানের কোনো তথ্য মুছি না।
৭. প্যাকেজ বদলানো আর সীমা
- বড় প্যাকেজ চালু হয় তার বাড়তি বিল দেওয়ার সাথে সাথে। বাড়তি বিল হয় চলতি মেয়াদের বাকি দিনগুলোর জন্য, দুই দামের পার্থক্য দিনের হিসাবে; পরের মেয়াদ থেকে নতুন দাম। বাড়তি বিল না দিলে প্যাকেজ বদলায় না, আর দেওয়ার শেষ দিনের ৭ দিন পর বিলটা বাতিল হয়।
- আপনার কথায় আমাদের অপারেটর বড় প্যাকেজ আগেই চালু করে দিলে, বাড়তি বিল দেওয়ার শেষ দিনের পর ৭ দিনের মধ্যে না দিলে আগের প্যাকেজে ফিরে যায়; দোকান খোলাই থাকে।
- ছোট প্যাকেজ, অথবা মাসিক থেকে বাৎসরিক বা উল্টোটা, চালু হয় পরের মেয়াদ থেকে। তার আগে পর্যন্ত এখনকার প্যাকেজের সবকিছু থাকে। পরের মেয়াদের বিল এরই মধ্যে তৈরি হয়ে থাকলে নতুন দামে নতুন বিল পাঠাই।
- ছোট প্যাকেজে যাওয়ার আগে তার সাথে মেলে না এমন জিনিস সরাতে হয়: ছোট প্যাকেজে নিজের ডোমেইন না থাকলে ডোমেইন, আর তার আসনের চেয়ে বেশি স্টাফ থাকলে কয়েকজন স্টাফ।
- সীমার বেশি পণ্য থাকলে সেগুলো থেকে যায় আর বদলানো যায়, তবে নতুন যোগ করা যায় না। নতুন প্যাকেজে যে সুবিধা নেই (যেমন এসএসএলকমার্জে কার্ডের টাকা নেওয়া বা কনভার্সন এপিআই), তা বন্ধ হয়।
- অর্ডার গোনা হয় যখন সেটার প্যাকিং (প্রসেসিং) শুরু হয়; কুরিয়ারে যাওয়ার আগে প্রতিটা অর্ডারকে এই ধাপ পার হতে হয়, আর তার আগে বাতিল হওয়া অর্ডার গোনা হয় না। মাসের অর্ডার-সীমা পূর্ণ হলে সে মাসে নতুন অর্ডার নেওয়া আর নতুন অর্ডারের প্যাকিং শুরু করা বন্ধ থাকে। কতটা বাকি, অ্যাডমিনের "প্যাকেজ ও ব্যবহার" পাতায় দেখা যায়।
৮. আমাদের বিলের টাকা ফেরত
- মাসিক প্যাকেজে যে মাস শুরু হয়ে গেছে, তার টাকা ফেরত হয় না; মাসের শেষ পর্যন্ত দোকান খোলা থাকে।
- বাৎসরিক প্যাকেজ মাঝপথে বন্ধ করলে চলতি মাসের শেষ পর্যন্ত দোকান খোলা থাকে। দেওয়া টাকা থেকে শুরু হয়ে যাওয়া প্রতিটা মাসের মাসিক দাম বাদ দিয়ে বাকিটা ফেরত দিই; বাকি না থাকলে কিছু ফেরত হয় না। মাসিক দাম মানে প্যাকেজের মাসিক দাম; আপনার বাৎসরিক দাম আলাদা করে ঠিক করা থাকলে তার দশ ভাগের এক ভাগ, যদি সেটা কম হয়।
- আমাদের ভুলে দুবার টাকা নেওয়া হলে বা ভুল বিল হলে পুরো টাকা ফেরত দিই।
- প্যাকেজ বন্ধ হলে জমা টাকা, আর পরের মেয়াদের জন্য আগেই দেওয়া টাকাও ফেরত দিই।
- ফেরতের টাকা পাওনা হওয়ার ১০ দিনের মধ্যে পাঠাই (প্যাকেজ বন্ধের বেলায় দোকান বন্ধ হওয়ার দিন থেকে), যে মাধ্যমে দিয়েছিলেন সেই মাধ্যমে।
৯. দোকান আপনার, ব্যবসাও আপনার
- বিক্রেতা আপনি; ক্রেতার সাথে কেনাবেচার চুক্তিও আপনার। আমরা সফটওয়্যার আর হোস্টিং দিই, আপনার হয়ে কিছু বিক্রি করি না।
- দাম, স্টক, ডেলিভারি, রিটার্ন, টাকা ফেরত, ওয়ারেন্টি আর ক্রেতার অভিযোগের দায়িত্ব আপনার।
- দেশের আইন মেনে চলবেন, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের "ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১"। সহজ ভাষায় তার মূল কথাগুলো:
- দোকানে ট্রেড লাইসেন্স বা ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) নম্বর দেখাবেন;
- পণ্যের সঠিক ছবি, বিবরণ, মাপ আর দাম দেবেন, আর ডেলিভারি ও রিটার্নের নিয়ম বাংলায় লিখবেন;
- পুরো টাকা আগে নিলে ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য কুরিয়ারে দেবেন, আর একই শহরে ৫ দিনে, অন্য শহরে বা গ্রামে ১০ দিনে পৌঁছে দেবেন;
- দিতে না পারলে ১০ দিনের মধ্যে যে মাধ্যমে টাকা নিয়েছিলেন, সেই মাধ্যমে ফেরত দেবেন;
- হাতে নেই এমন পণ্যে দামের ১০ শতাংশের বেশি আগাম নেবেন না;
- ক্রেতার অভিযোগের উত্তর ৭২ ঘণ্টার মধ্যে দেবেন;
- লেনদেনের রেকর্ড অন্তত ৬ বছর রাখবেন; অ্যাডমিনের "তথ্য নামান" পাতা থেকে অর্ডার আর পেমেন্টের পুরো তালিকা নিয়মিত নামিয়ে রাখুন।
- দোকান খোলার সময় আমরা ডেলিভারি, রিটার্ন, শর্ত আর গোপনীয়তার পাতা লিখে দিই। এগুলো শুরুর খসড়া; আপনার আসল নিয়মের সাথে মিলিয়ে নেবেন, দরকার হলে বদলাবেন।
- আপনার বিক্রির ভ্যাট আর আয়করের দায়িত্ব আপনার।
১০. যা বিক্রি করা যাবে না
- নিষিদ্ধ পণ্য আর কাজের তালিকা নিচের পরিশিষ্ট খ-তে। না মানলে পণ্যটা সরিয়ে দিই, দরকার হলে দোকান স্থগিত করি, আর আইন বললে কর্তৃপক্ষকে জানাই।
১১. ছবি, লেখা আর এআই দিয়ে লেখা খসড়া
- আপনার ছবি আর লেখার মালিক আপনি। দোকান চালাতে যতটুকু দরকার (রাখা, ছোট-বড় করা, দেখানো, খসড়া লেখা, ব্যাকআপ রাখা), শুধু ততটুকু ব্যবহারের অনুমতি আমাদের দেন। দোকান মুছে গেলে এই অনুমতিও শেষ হয়।
- অন্যের ছবি, লোগো বা লেখা অনুমতি ছাড়া দেবেন না।
- ছবি দেখে পণ্যের নাম আর বিবরণের খসড়া লেখে এআই। আমাদের একজন কর্মী পড়ে দেখেন, তবু দোকানে দেখানোর আগে আপনি নিজে পড়ে ঠিক করবেন; বিবরণ ভুল হলে ক্রেতার কাছে দায় বিক্রেতার।
- প্যাকেজ নিলে দোকানের পণ্য আমরা তুলে দিই, আপনার দেওয়া তথ্য থেকে: সব প্যাকেজে সব পণ্য, প্যাকেজের পণ্যসীমা পর্যন্ত। দোকানে দেখানোর আগে দেখে নেবেন।
- আপনার দোকান বা ছবি আমাদের প্রচারে দেখাব শুধু আপনি লিখে অনুমতি দিলে।
- কেউ কপিরাইট বা ট্রেডমার্ক ভাঙার অভিযোগ করলে পণ্যটা লুকিয়ে রাখি, আর আপনাকে জানাই।
১২. ক্রেতার টাকা আমাদের হাত দিয়ে যায় না
- ক্যাশ অন ডেলিভারির টাকা কুরিয়ার তোলে আর আপনাকে দেয়।
- বিকাশ, নগদ বা এসএসএলকমার্জে (SSLCOMMERZ) ক্রেতার টাকা যায় সরাসরি আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে। অ্যাকাউন্টের গোপন তথ্য আমরা এনক্রিপ্ট করে রাখি, কখনো কাউকে দেখাই না।
- গেটওয়ের চার্জ আর শর্ত আপনার আর গেটওয়ের মধ্যে।
- কোনো পেমেন্টের খবর গেটওয়ে থেকে না এলে আমরা আপনার অ্যাকাউন্টের তথ্য দিয়ে গেটওয়ের কাছে লেনদেনের অবস্থা জেনে নিই, আর অর্ডারে বসিয়ে দিই। বিকাশে ক্রেতা পিন দেওয়ার পরও পেমেন্ট অসম্পূর্ণ থাকলে, পেমেন্ট শুরুর ৪৫ মিনিটের মধ্যে আমরা সেটা সম্পন্ন করতে পারি, যদি ততক্ষণে অর্ডারটা বাতিল না হয় আর নতুন কোনো পেমেন্ট শুরু না হয়।
১৩. কুরিয়ার
- স্টেডফাস্ট বা পাঠাওয়ের অ্যাকাউন্ট আপনার নিজের। তার এপিআইয়ের তথ্য, আর পাঠাওয়ের ক্ষেত্রে প্যানেলে ঢোকার ইমেইল ও পাসওয়ার্ড, আমরা এনক্রিপ্ট করে রাখি।
- "কুরিয়ারে পাঠান" চাপলে ক্রেতার নাম, ফোন, ঠিকানা, পণ্যের বিবরণ আর তোলার টাকার অঙ্ক কুরিয়ারকে পাঠাই। কনসাইনমেন্ট আর ট্র্যাকিং নম্বর অর্ডারে বসে, আর ক্রেতা দোকানের "অর্ডার খুঁজুন" পাতায় কুরিয়ারের লিংক দেখতে পান।
- কুরিয়ারের খবর দেখে অর্ডারের অবস্থা বদলাই, যেমন পার্সেল পৌঁছালে "ডেলিভারি হয়েছে"। কুরিয়ার পার্সেল নিলেই অর্ডার "পাঠানো হয়েছে" হবে কি না, তা কুরিয়ার সেটিংসে আপনি ঠিক করেন।
- পার্সেল দেরি, হারানো বা ভাঙা, আর ক্যাশ অন ডেলিভারির টাকা, এসব কুরিয়ার আর আপনার মধ্যে।
১৪. ক্রেতার তথ্য
- আপনার ক্রেতাদের তথ্যের দায়িত্ব আপনার (আইনের ভাষায় আপনি "উপাত্ত-জিম্মাদার"); আমরা আপনার হয়ে সেটা রাখি আর চালাই ("প্রক্রিয়াকারী")। বিস্তারিত নিচের পরিশিষ্ট ক-তে।
- এই তথ্য আমরা বিক্রি করি না, নিজের প্রচারে লাগাই না, আর আপনার নির্দেশ ও দোকান চালানোর বাইরে ব্যবহার করি না।
- দোকানের "গোপনীয়তা নীতি" পাতা সঠিক রাখবেন। তার নিচের "তথ্য ও কুকি" অংশটা আমরা আপনার সেটিং থেকে নিজেরাই লিখে দিই।
- মেটা পিক্সেল বা কনভার্সন এপিআই চালু করলে ক্রেতাকে জানানোর দায়িত্ব আপনার; পিক্সেল থাকলে দোকানে একটা ছোট বার্তাও আমরা দেখাই।
- কোনো ক্রেতা নিজের তথ্য মুছতে বললে অ্যাডমিনে সেই ক্রেতার পাতায় "ক্রেতার তথ্য মুছুন" দিয়ে মুছতে পারবেন।
- নামানো অর্ডারের ফাইলে ক্রেতার ফোন আর ঠিকানা থাকে; ফাইলটা নিরাপদে রাখবেন।
১৫. আমাদের কাজ আর তার সীমা
- আমরা দিই হোস্টিং, নিরাপদ এইচটিটিপিএস (HTTPS) সংযোগ, প্রতি রাতে আলাদা জায়গায় ব্যাকআপ, নিরাপত্তার হালনাগাদ, আর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা হোয়াটসঅ্যাপে সাহায্য।
- দোকান সবসময় চালু থাকবে, এমন নিশ্চয়তা দিই না। বড় সমস্যা হলে হোয়াটসঅ্যাপে জানাই।
- দোকান বানাতে বা আপনার অনুরোধে আমাদের অপারেটর আপনার দোকানে কাজ করতে পারেন। তাঁদের প্রতিটা পরিবর্তন আপনার দোকানের কাজের হিসাবে লেখা থাকে।
- সরকার বা আদালতের লিখিত, আইনসম্মত অনুরোধ এলে যতটুকু চাওয়া হয়েছে শুধু ততটুকু তথ্য দিই; আইন নিষেধ না করলে আপনাকে জানাই।
- সফটওয়্যার আমরা বদলাতে ও উন্নত করতে পারি। প্যাকেজের দামের অংশ এমন কোনো সুবিধা বন্ধ করলে অন্তত ৩০ দিন আগে জানাব।
১৬. নিজের ডোমেইন
- ডোমেইন কেনা হয় আপনার নামে, নবায়নও আপনার খরচে। আমরা শুধু দোকানের সাথে জুড়ে দিই।
- ডোমেইনের ডিএনএস (DNS) ঠিক রাখা আপনার দায়িত্ব। ডোমেইনের মেয়াদ ফুরালে বা ডিএনএস বদলালে দোকান stallnow.com-এর আপনার সাবডোমেইনে চলতে থাকে।
১৭. এসএমএস
- অর্ডারের খবর আর যাচাই কোডের এসএমএস যায় আমাদের এসএমএস অ্যাকাউন্ট থেকে; ক্রেতার এসএমএস শুরু হয় আপনার দোকানের নাম দিয়ে। বিলের এসএমএস যায় আমাদের নামে।
- অপব্যবহার ঠেকাতে প্রতি নম্বরে, প্রতি ঠিকানায় আর প্রতি অ্যাকাউন্টে কোড পাঠানোর সীমা আছে। কোনো নম্বরে অনেকবার ভুল কোড দেওয়া হলে নতুন ডিভাইস থেকে সেই নম্বরে ঢোকা বন্ধ থাকে, আর নম্বরটায় এসএমএস যায়; আগের ডিভাইস বা ইমেইল দিয়ে ঢুকলে আবার চালু হয়।
- এসএমএস অপারেটরের কারণে কোনো এসএমএস না পৌঁছাতে পারে; তাই বিলের খবর অ্যাডমিনেও দেখাই।
১৮. দোকান বন্ধ, স্থগিত আর তথ্য রাখা
- আপনি যেকোনো মাসে প্যাকেজ বন্ধ করতে পারেন; কোনো চুক্তি বা জরিমানা নেই। টাকা দেওয়া মেয়াদ শেষ হলে (বাৎসরিক প্যাকেজে চলতি মাস শেষ হলে) দোকান ক্রেতাদের জন্য বন্ধ হয়।
- বিল ছাড়া অন্য কারণেও আমরা দোকান স্থগিত করতে পারি: নিষিদ্ধ পণ্য, প্রতারণা বা আগাম টাকা নিয়ে পণ্য না দেওয়ার প্রমাণ, আদালত বা কর্তৃপক্ষের আদেশ, অথবা নিরাপত্তার ঝুঁকি।
- এমন ক্ষেত্রে সাধারণত আগে কারণ লিখে জানিয়ে ৭ দিন সময় দিই। গুরুতর বা আইনি ক্ষেত্রে সাথে সাথে স্থগিত করি, আর পরে কারণ জানাই। আপত্তি থাকলে ১৪ দিনের মধ্যে জানান; আমরা ৭ দিনের মধ্যে উত্তর দেব।
- বিল ছাড়া অন্য কারণে দোকান স্থগিত থাকলে সেই সময় বিলের কোনো এসএমএস যায় না, আর বকেয়ার জন্য দোকান বন্ধ করার সময়ও গোনা হয় না। দোকান আবার খুললে বকেয়া দিতে অন্তত ৭ দিন সময় পাবেন। স্থগিত করা আমাদের ভুল হলে বন্ধ থাকা দিনগুলো বিনা খরচে যোগ করে দিই।
- বন্ধ বা স্থগিত দোকানেও অ্যাডমিন খোলা থাকে, আর "তথ্য নামান" পাতা থেকে অর্ডার, ক্রেতা আর পণ্যের তালিকা নামাতে পারবেন।
- বন্ধ দোকানের তথ্য আমরা নিজে থেকে মুছি না। দোকান বন্ধ হওয়ার পর অন্তত ১২ মাস সব তথ্য রাখি। এরপর কখনো মুছতে হলে অন্তত ৩০ দিন আগে এসএমএস ও হোয়াটসঅ্যাপে জানাব, যাতে তথ্য নামিয়ে নিতে পারেন।
- আইনের কারণে যা রাখতে হয় (আমাদের বিল, টাকার হিসাব আর আপনার "মেনে নিলাম"-এর রেকর্ড), তা অ্যাকাউন্ট বন্ধের পর ৬ বছর রাখি।
১৯. দায়ের সীমা
- পরোক্ষ ক্ষতির (যেমন লাভ কমে যাওয়া বা সুনামের ক্ষতি) দায় আমরা নিই না।
- কুরিয়ার, পেমেন্ট গেটওয়ে, মেটা, এসএমএস অপারেটর বা ইন্টারনেট সংযোগের ব্যর্থতার দায় তাদের।
- সব মিলিয়ে আমাদের দায় সর্বোচ্চ গত ৩ মাসে আপনার দেওয়া প্যাকেজের টাকা পর্যন্ত।
- আইন যে দায় কমাতে দেয় না, আর আমাদের ইচ্ছাকৃত অন্যায়ের দায়, এই সীমায় পড়ে না।
২০. ক্ষতিপূরণ
- আপনার পণ্য, বিজ্ঞাপন, দোকানের লেখা বা আইন ভাঙার কারণে কেউ আমাদের বিরুদ্ধে দাবি করলে, তার ন্যায্য খরচ আপনি বহন করবেন।
২১. শর্ত বদলালে
- শর্ত বদলানোর অন্তত ৩০ দিন আগে এসএমএস বা হোয়াটসঅ্যাপে জানাই, আর অ্যাডমিনে লেখা দেখাই। বড় বদলে আবার "মেনে নিলাম" চাপতে বলি।
- নোটিশের সময় পেরোনোর পর দোকান চালিয়ে গেলে নতুন শর্ত মেনে নেওয়া ধরা হয়। নতুন শর্ত না মানলে, তা মেনে নেওয়া ধরার আগেই অ্যাডমিনের "বিল ও পেমেন্ট" পাতা থেকে প্যাকেজ বন্ধ করতে পারেন: নতুন শর্ত চালুর দিন পর্যন্ত দোকান খোলা থাকে, আর তার পরের যে দিনগুলোর টাকা আগে দিয়েছেন, তা দিনের হিসাবে ফেরত দিই।
- আইনের কারণে জরুরি বদল সাথে সাথে হতে পারে; তখন কারণসহ জানাই।
- আগের সংস্করণগুলো এই পাতার নিচে তারিখসহ থাকে।
২২. বিরোধ হলে
- কোনো সমস্যা হলে আগে আমাদের লিখে জানান; ১৫ দিনের মধ্যে মিটমাটের চেষ্টা করব।
- না মিটলে বাংলাদেশের আইন খাটবে, আর ঢাকার আদালতে মামলা হবে।
২৩. যোগাযোগ আর নোটিশ
- আমাদের পাবেন: হোয়াটসঅ্যাপ ০১৩০৩-৪৫১০০৫, ইমেইল touch@stallnow.com। অভিযোগের প্রথম উত্তর ৭২ ঘণ্টার মধ্যে দিই।
- আমাদের নোটিশ যায় মালিকের মোবাইলে (এসএমএস বা হোয়াটসঅ্যাপে) আর অ্যাডমিনে লেখা হিসেবে।
পরিশিষ্ট ক: ক্রেতার তথ্য প্রক্রিয়ার শর্ত
- আপনার নির্দেশেই তথ্য প্রক্রিয়া করি: দোকান চালানো, অর্ডার, এসএমএস, আর আপনার চালু করা সুবিধা (পিক্সেল, কনভার্সন এপিআই, পেমেন্ট গেটওয়ে, কুরিয়ার)।
- আমাদের যে কর্মীরা তথ্য দেখেন, তাঁরা গোপনীয়তা রক্ষায় বাধ্য। অপারেটরের প্রতিটা কাজ দোকানের কাজের হিসাবে থাকে।
- নিরাপত্তা: দোকানে দোকানে তথ্য আলাদা রাখা হয়; গেটওয়ে আর কুরিয়ারের গোপন তথ্য এনক্রিপ্ট করা থাকে; পাসওয়ার্ড সাংকেতিক রূপে রাখা হয়; সবখানে এইচটিটিপিএস; প্রতি রাতে আলাদা জায়গায় ব্যাকআপ; ঢোকার চেষ্টায় সীমা।
- যেসব সেবার মাধ্যমে কাজ করাই, তাদের তালিকা আমাদের গোপনীয়তা নীতিতে আছে (stallnow.com/privacy)। নতুন কাউকে যোগ করলে অন্তত ৩০ দিন আগে জানাই।
- তথ্য ফাঁস হলে জানার ৭২ ঘণ্টার মধ্যে আপনাকে জানাই, আর কর্তৃপক্ষের নিয়ম মেনে কাজ করি।
- ক্রেতা তথ্য দেখতে, ঠিক করতে বা মুছতে চাইলে আপনাকে সাহায্য করি; অ্যাডমিনে মোছার ব্যবস্থা আছে।
- চুক্তি শেষ হলেও অ্যাডমিনের "তথ্য নামান" পাতা থেকে অর্ডার, ক্রেতা আর পণ্যের তালিকা নামাতে পারবেন; তারপর ১৮ নম্বর অংশের নিয়ম মেনে তথ্য রাখি বা মুছি।
- কর্তৃপক্ষ আইন মেনে পরীক্ষা করলে সহযোগিতা করি।
- দেশের বাইরে তথ্য যায় শুধু গোপনীয়তা নীতিতে লেখা সেবাগুলোয়। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা বায়োমেট্রিক তথ্য আমরা নিই না।
পরিশিষ্ট খ: নিষিদ্ধ পণ্য আর কাজ
- মাদক ও নেশাজাত দ্রব্য; বিস্ফোরক; অস্ত্র, গোলাবারুদ আর তার অংশ।
- যেকোনো ওষুধ (অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি বা হোমিওপ্যাথিক), যতদিন না লাইসেন্স যাচাইয়ের ব্যবস্থা হয়।
- তামাক আর নিকোটিনের সব পণ্য, ই-সিগারেট আর ভেপ।
- জুয়া, বাজি আর অনুমতি ছাড়া লটারি; এমএলএম বা নেটওয়ার্ক ব্যবসা।
- নকল, চোরাই বা চোরাচালানের পণ্য; অন্যের ট্রেডমার্ক বা কপিরাইট ভাঙা পণ্য বা ছবি।
- বন্যপ্রাণী, তাদের অংশ বা তা দিয়ে তৈরি জিনিস।
- পর্নোগ্রাফি, আর শিশুদের ক্ষতি করে এমন কিছু।
- মানব অঙ্গ; জাল পরিচয়পত্র, সনদ বা নথি; অন্যের মোবাইল ব্যাংকিং, ব্যাংক বা সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট।
- হ্যাকিং বা আড়ি পাতার যন্ত্র আর সফটওয়্যার; স্প্যাম।
- বিএসটিআই-র বাধ্যতামূলক সনদ লাগে এমন পণ্য সনদ ছাড়া; মেয়াদোত্তীর্ণ বা ভেজাল খাবার।
- আগাম টাকা নিয়ে পণ্য না দেওয়া; ভুয়া ছাড় বা "স্টক শেষ" বলে চাপ দেওয়া; অন্য ব্র্যান্ড বা দোকান সেজে বিক্রি করা।