গোপনীয়তা নীতি

সংস্করণ ২০২৬-১০-০১ · কার্যকর ১ অক্টোবর, ২০২৬ থেকে

বাংলা পাঠই মূল; ইংরেজি পাঠ সুবিধার জন্য দেওয়া অনুবাদ।

এই নীতিতে লেখা আছে আমরা কোন তথ্য রাখি, কেন রাখি, কার কাছে যায়, কতদিন থাকে, আর আপনার কী কী অধিকার আছে।

১. আমরা কে, এই নীতি কার জন্য

  • আমরা স্টল নাউ। স্টলনাউ নামে আমরা অনলাইন দোকান বানানো আর চালানোর সফটওয়্যার দিই।
  • এই নীতি তাঁদের জন্য: দোকানের মালিক ও স্টাফ; নমুনা দোকানের জন্য যাঁরা আমাদের হোয়াটসঅ্যাপে লেখেন; আর আমাদের ওয়েবসাইটে (stallnow.com) যাঁরা আসেন।
  • কোনো দোকান থেকে কিনলে আপনার তথ্যের দায়িত্ব সেই দোকানের; আমরা দোকানের হয়ে তথ্য রাখি। সেই দোকানের "গোপনীয়তা নীতি" পাতা দেখুন, আর নিচের ১১ নম্বর অংশও দেখুন।

২. এক নজরে

  • আমাদের ওয়েবসাইট কোনো কুকি রাখে না, আপনার কোনো তথ্যও নেয় না।
  • দোকান চালাতে মালিক আর স্টাফের নাম, মোবাইল নম্বর আর ইমেইল রাখি।
  • ক্রেতার তথ্য দোকানের। আমরা দোকানের হয়ে রাখি; বিক্রি করি না, নিজের প্রচারে লাগাই না।
  • ক্রেতার টাকা আমাদের হাত দিয়ে যায় না।
  • কোন তথ্য কোন সেবায় যায়, আর সেই সেবা কোথায়, তার পুরো তালিকা ৫ নম্বর অংশে।
  • নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছতে বলতে পারেন; ৩০ দিনের মধ্যে কাজ করি।

৩. কী তথ্য রাখি

  • মালিক ও স্টাফ: নাম, মোবাইল নম্বর, ইমেইল (দিলে), পদ; পাসওয়ার্ড (দিলে) শুধু সাংকেতিক রূপে; প্রতিবার ঢোকার সময়ের আইপি ঠিকানা আর ব্রাউজারের পরিচয়; অ্যাডমিনে কে কী বদলালেন তার হিসাব; আপনি কবে কোন সংস্করণের শর্তাবলি আর গোপনীয়তা নীতি মেনে নিয়েছেন।
  • আমাদের বিল: প্রতিটা বিল (দোকানের নাম, মালিকের নাম, ফোন আর ঠিকানাসহ), আপনার দেওয়া টাকার হিসাব, লেনদেন নম্বর (TrxID) আর যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন।
  • নমুনা দোকানের জন্য: হোয়াটসঅ্যাপ নম্বর, পাঠানো ছবি আর দাম, পেজের নাম, আর সেগুলো দিয়ে বানানো দোকান।
  • আমাদের ওয়েবসাইটের দর্শক: কিছুই না।
  • ক্রেতা (দোকানের হয়ে): নাম, ফোন, ঠিকানা, ইমেইল (দিলে), অর্ডার; অর্ডারের সময়ের আইপি ঠিকানা আর ব্রাউজার; কোন বিজ্ঞাপন বা লিংক থেকে এসেছেন; অর্ডার খোঁজার যাচাই কোড (শুধু সাংকেতিক রূপে); অনলাইন পেমেন্টের লেনদেন নম্বর; কুরিয়ারের কনসাইনমেন্ট নম্বর আর ডেলিভারির খবর।

৪. কেন রাখি, আর কোন ভিত্তিতে

  • অ্যাকাউন্ট খোলা, ঢোকা আর দোকান চালানো: আপনার সাথে চুক্তি পালনের জন্য।
  • বিল, রসিদ আর টাকার হিসাব: চুক্তি পালন, আর আইনে হিসাব রাখার দায়।
  • নিরাপত্তা (ঢোকার সীমা, চেনা ডিভাইস, অপারেটরের কাজের হিসাব): চুক্তি পালন আর আইনি দায়।
  • নমুনা দোকান বানানো: আপনার সম্মতিতে (হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো আর আমাদের প্রশ্নের উত্তর দেওয়া)। যেকোনো সময় সম্মতি ফিরিয়ে নিতে পারেন; তখন নমুনা দোকান মুছে দিই।
  • সেবার খবর, বিলের এসএমএস, দাম বা শর্ত বদলের নোটিশ: চুক্তি পালন।
  • ক্রেতার তথ্য: দোকানের নির্দেশে; কোন ভিত্তিতে নেওয়া হয়, তা দোকান ঠিক করে।

৫. কার কাছে যায়

  • গ্রিনওয়েব (GreenWeb): এসএমএস পাঠানো (অর্ডারের খবর, যাচাই কোড, বিলের এসএমএস); বাংলাদেশ।
  • অ্যানথ্রপিক (Anthropic): পণ্যের ছবি দেখে নাম আর বিবরণের খসড়া লেখা; যুক্তরাষ্ট্র। তাদের কাছে পাঠানো তথ্য ৩০ দিনের মধ্যে মুছে যায় (নিয়ম ভাঙার সন্দেহ হলে সর্বোচ্চ ২ বছর থাকে), আর অনুমতি ছাড়া তাদের এআই শেখাতে ব্যবহার হয় না।
  • মেটা (Meta): শুধু সেই দোকানে, যে দোকান পিক্সেল বা কনভার্সন এপিআই চালু করেছে। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথাবার্তাও মেটার সেবায় হয়।
  • বিকাশ, নগদ, এসএসএলকমার্জ (SSLCOMMERZ), স্টেডফাস্ট আর পাঠাও: দোকানের নিজের অ্যাকাউন্টে, দোকানের নির্দেশে। আমাদের বিলের টাকা বিকাশে দিলে বিকাশ আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টের লেনদেন হিসেবে সেটা চালায়।
  • সার্টিফিকেট কর্তৃপক্ষ (লেটস এনক্রিপ্ট, জিরোএসএসএল): এইচটিটিপিএস চালাতে দোকানের ঠিকানা তাদের কাছে যায়, আর সেই ঠিকানা সর্বজনীন সার্টিফিকেট-লগে দেখা যায়। নমুনা দোকানের ঠিকানাও সেখানে দেখা যায়, যদিও গুগলে আসে না।
  • সরকার বা আদালত: শুধু আইন মেনে লিখিত অনুরোধ এলে (১৫ নম্বর অংশ)।
  • নতুন কোনো সেবা যোগ হলে এই তালিকা আগে বদলাই, আর দোকানগুলোকে অন্তত ৩০ দিন আগে জানাই।

৬. দেশের বাইরে তথ্য

  • অ্যানথ্রপিক আর মেটা যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডে।
  • জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন বা বায়োমেট্রিক তথ্য আমরা নিই না।

৭. কতদিন রাখি

  • অ্যাকাউন্ট চলাকালীন তার সব তথ্য থাকে।
  • যাচাই কোড ৫ মিনিট কাজ করে, আর ২ দিনের মধ্যে মুছে যায়।
  • কার্ট ৩০ দিন থাকে।
  • বিজ্ঞাপন মাপার ঘটনা: মেটায় পাঠানো হলে ৩০ দিন, না হলে ৯০ দিন।
  • না মানা আমন্ত্রণ মেয়াদ শেষের ৩০ দিন পর মুছে যায়।
  • কুরিয়ারের পাঠানো খবরের মূল রেকর্ড ১৮০ দিন থাকে।
  • ডেটাবেস থেকে যা মুছে ফেলা হয়, তা ডেটাবেসের ব্যাকআপ থেকেও ৩০ দিনের মধ্যে চলে যায়। ছবির ব্যাকআপ আলাদা: কোনো ভুল মোছা যাতে ফেরানো যায়, তাই দোকান থেকে মুছে ফেলা ছবি সেখানে থেকে যায়; শুধু মুছে যাওয়া নমুনা দোকানের ছবি ৩০ দিনের মধ্যে সেখান থেকেও মুছি।
  • নমুনা দোকানের সময়সূচি শর্তাবলির ৪ নম্বর অংশে লেখা।
  • বন্ধ দোকানের তথ্য বন্ধ হওয়ার পর অন্তত ১২ মাস থাকে; এরপর মুছতে হলে অন্তত ৩০ দিন আগে জানাই।
  • বিল, টাকার হিসাব আর "মেনে নিলাম"-এর রেকর্ড অ্যাকাউন্ট বন্ধের পর ৬ বছর থাকে।

৮. কুকি

  • আমাদের ওয়েবসাইটে (stallnow.com) কোনো কুকি নেই।
  • দোকানের অ্যাডমিনে এই দরকারি কুকিগুলো থাকে:
  • ঢোকা থাকার জন্য (১৪ দিন);
  • চেনা ডিভাইস মনে রাখতে, যাতে অন্য কেউ ভুল চেষ্টা করে আপনাকে আটকে দিতে না পারে (এক বছর);
  • আপনি মোবাইল নম্বরে নাকি ইমেইলে ঢোকেন, তা মনে রাখতে (এক বছর);
  • মোবাইলে কোড পাঠানোর পর কোডের পাতা পর্যন্ত নম্বরটা মনে রাখতে (দশ মিনিট);
  • ভাষা মনে রাখতে।
  • দোকানের কুকির তালিকা প্রতিটা দোকানের "গোপনীয়তা নীতি" পাতায় থাকে; সেটা আমরা দোকানের সেটিং থেকে লিখে দিই।

৯. নিরাপত্তা

  • সবখানে এইচটিটিপিএস।
  • দোকানে দোকানে তথ্য আলাদা করে রাখা হয়।
  • পেমেন্ট আর কুরিয়ারের গোপন তথ্য এনক্রিপ্ট করা থাকে, আর ব্রাউজারে পাঠানো হয় না।
  • পাসওয়ার্ড আর যাচাই কোড ডেটাবেসে রাখা হয় শুধু সাংকেতিক রূপে। এসএমএসে পাঠানোর জন্য কোড কয়েক মুহূর্ত কাজের তালিকায় থাকে, আর পাঠানো হলেই মুছে যায় (না গেলে সর্বোচ্চ এক ঘণ্টা পরে)।
  • ঢোকার চেষ্টায় আর কোড পাঠানোয় সীমা আছে; কোনো নম্বরে অনেকবার ভুল কোড এলে নতুন ডিভাইস থেকে সেই নম্বরে ঢোকা বন্ধ থাকে, আর নম্বরটায় এসএমএস যায়।
  • প্রতি রাতে আলাদা জায়গায় ব্যাকআপ হয়।
  • আমাদের অপারেটরের প্রতিটা কাজ দোকানের কাজের হিসাবে লেখা থাকে।
  • তবু কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়।

১০. আপনার অধিকার

  • নিজের তথ্য দেখতে পারবেন, আর এক কপি নিতে পারবেন। দোকানের মালিক দোকানের তথ্যের কপি অ্যাডমিনের "তথ্য নামান" পাতা থেকে নিজেই নামাতে পারেন; নিজের অ্যাকাউন্টের তথ্যের কপি চাইলে নিচের উপায়ে লিখুন।
  • ভুল তথ্য ঠিক করতে বলতে পারবেন।
  • মুছে ফেলতে বলতে পারবেন।
  • সম্মতি ফিরিয়ে নিতে পারবেন।
  • নিয়ম মেনে আপনাআপনি হওয়া কোনো সিদ্ধান্তে আপত্তি জানাতে পারবেন।
  • কীভাবে: হোয়াটসঅ্যাপ ০১৩০৩-৪৫১০০৫, ইমেইল touch@stallnow.com। আপনিই লিখছেন কিনা যাচাই করতে আপনার নম্বরে একটা কোড পাঠাতে পারি। ৩০ দিনের মধ্যে কাজ করি।
  • আইন যা রাখতে বলে (যেমন বিলের রেকর্ড), তা মুছতে পারি না; তখন কারণ জানাই।
  • আমাদের উত্তরে সন্তুষ্ট না হলে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন।

১১. ক্রেতারা কী করবেন

  • যে দোকান থেকে কিনেছেন, আগে সেই দোকানকে জানান; তাদের যোগাযোগের উপায় দোকানের "যোগাযোগ" পাতায় আছে।
  • ৭ দিনের মধ্যে উত্তর না পেলে আমাদের লিখুন; আমরা দোকানকে জানাই আর সাহায্য করি।
  • কেনাকাটা নিয়ে অভিযোগ থাকলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও জানাতে পারেন (হটলাইন ১৬১২১)।

১২. শিশু

  • অ্যাকাউন্ট খুলতে বয়স অন্তত ১৮ বছর হতে হয়।
  • দোকানগুলো শিশুদের জন্য বানানো নয়। জেনে-বুঝে ১৮ বছরের কম কারও তথ্য দোকান অভিভাবকের সম্মতি ছাড়া নেবে না।

১৩. তথ্য ফাঁস হলে

  • জানার ৭২ ঘণ্টার মধ্যে যেসব দোকান বা মানুষের তথ্য জড়িত, তাদের জানাই; কী হয়েছে আর কী করছি, সেটাও জানাই।
  • কর্তৃপক্ষকে জানাই তাদের নিয়ম মেনে।

১৪. এআই আর আপনাআপনি হওয়া সিদ্ধান্ত

  • এআই শুধু পণ্যের নাম আর বিবরণের খসড়া বানায়; দোকানে দেখানোর আগে মানুষ পড়ে দেখেন।
  • দুটো সিদ্ধান্ত নিয়ম মেনে আপনাআপনি হয়: ঢোকার চেষ্টার সীমা, আর বকেয়া বিলের সময় পেরোলে দোকান ক্রেতাদের জন্য বন্ধ হওয়া। দ্বিতীয়টার আগে এসএমএসে তারিখ আর সময় জানাই; আমাদের কর্মী যেকোনো সময় তা থামাতে বা দোকান খুলে দিতে পারেন। আপত্তি থাকলে হোয়াটসঅ্যাপে জানান।

১৫. সরকারের অনুরোধ

  • আইন মেনে লিখিত অনুরোধ এলে শুধু যতটুকু চাওয়া হয়েছে, ততটুকু দিই।
  • আইন নিষেধ না করলে সংশ্লিষ্ট দোকানকে জানাই।
  • প্রতিটা অনুরোধের হিসাব রাখি।

১৬. নীতি বদলালে

  • বদলানোর অন্তত ৩০ দিন আগে জানাই।
  • আগের সংস্করণগুলো এই পাতার নিচে তারিখসহ থাকে।

১৭. যোগাযোগ

গোপনীয়তা নীতি — স্টলনাউ