গোপনীয়তা নীতি

সংস্করণ ২০২৬-১০-০১ · কার্যকর ১ অক্টোবর, ২০২৬ থেকে

বাংলা পাঠই মূল; ইংরেজি পাঠ সুবিধার জন্য দেওয়া অনুবাদ।

এই নীতিতে লেখা আছে আমরা কোন তথ্য রাখি, কেন রাখি, কার কাছে যায়, কতদিন থাকে, আর আপনার কী কী অধিকার আছে।

১. আমরা কে, এই নীতি কার জন্য

  • আমরা স্টল নাউ। স্টলনাউ নামে আমরা অনলাইনে বিক্রির ওয়েবসাইট বানানো আর চালানোর সফটওয়্যার দিই।
  • এই নীতি তাঁদের জন্য: এসব ওয়েবসাইটের মালিক ও স্টাফ; ওয়েবসাইট বানাতে যাঁরা আমাদের হোয়াটসঅ্যাপে লেখেন; আর আমাদের নিজেদের ওয়েবসাইটে (stallnow.com) যাঁরা আসেন।
  • আমাদের সফটওয়্যারে চলা কোনো ওয়েবসাইট থেকে কিনলে আপনার তথ্যের দায়িত্ব সেই ওয়েবসাইটের বিক্রেতার; আমরা বিক্রেতার হয়ে তথ্য রাখি। সেই ওয়েবসাইটের "গোপনীয়তা নীতি" পাতা দেখুন, আর নিচের ১১ নম্বর অংশও দেখুন।

২. এক নজরে

  • আমাদের নিজেদের ওয়েবসাইট কোনো কুকি রাখে না, আপনার কোনো তথ্যও নেয় না।
  • বিক্রেতাদের ওয়েবসাইট চালাতে মালিক আর স্টাফের নাম, মোবাইল নম্বর আর ইমেইল রাখি।
  • ক্রেতার তথ্য বিক্রেতার। আমরা বিক্রেতার হয়ে রাখি; বিক্রি করি না, নিজের প্রচারে লাগাই না।
  • ক্রেতার টাকা আমাদের হাত দিয়ে যায় না।
  • কোন তথ্য কোন সেবায় যায়, আর সেই সেবা কোথায়, তার পুরো তালিকা ৫ নম্বর অংশে।
  • নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছতে বলতে পারেন; ৩০ দিনের মধ্যে কাজ করি।

৩. কী তথ্য রাখি

  • মালিক ও স্টাফ: নাম, মোবাইল নম্বর, ইমেইল (দিলে), পদ; পাসওয়ার্ড (দিলে) শুধু সাংকেতিক রূপে; প্রতিবার ঢোকার সময়ের আইপি ঠিকানা আর ব্রাউজারের পরিচয়; অ্যাডমিনে কে কী বদলালেন তার হিসাব; আপনি কবে কোন সংস্করণের শর্তাবলি আর গোপনীয়তা নীতি মেনে নিয়েছেন।
  • আমাদের বিল: প্রতিটা বিল (ওয়েবসাইটের নাম, মালিকের নাম, ফোন আর ঠিকানাসহ), আর আপনার দেওয়া টাকার হিসাব: কত টাকা, কখন, আর প্রতিটা অনলাইন পেমেন্টে আমাদের পেমেন্ট সেবার দেওয়া রেফারেন্স।
  • ওয়েবসাইট বানাতে যাঁরা হোয়াটসঅ্যাপে লেখেন: হোয়াটসঅ্যাপ নম্বর, পেজের নাম, আর পাঠানো ছবি ও দাম।
  • আমাদের নিজেদের ওয়েবসাইটের দর্শক: কিছুই না।
  • ক্রেতা (বিক্রেতার হয়ে): নাম, ফোন, ঠিকানা, ইমেইল (দিলে), অর্ডার; অর্ডারের সময়ের আইপি ঠিকানা আর ব্রাউজার; কোন বিজ্ঞাপন বা লিংক থেকে এসেছেন; অর্ডার খোঁজার যাচাই কোড (শুধু সাংকেতিক রূপে); অনলাইন পেমেন্টের লেনদেন নম্বর; কুরিয়ারের কনসাইনমেন্ট নম্বর আর ডেলিভারির খবর।

৪. কেন রাখি, আর কোন ভিত্তিতে

  • অ্যাকাউন্ট খোলা, ঢোকা আর ওয়েবসাইট চালানো: আপনার সাথে চুক্তি পালনের জন্য।
  • বিল, রসিদ আর টাকার হিসাব: চুক্তি পালন, আর আইনে হিসাব রাখার দায়।
  • নিরাপত্তা (ঢোকার সীমা, চেনা ডিভাইস, অপারেটরের কাজের হিসাব): চুক্তি পালন আর আইনি দায়।
  • ওয়েবসাইট বানাতে হোয়াটসঅ্যাপে কথা বলা আর ছবি পাঠানো: আপনার সম্মতিতে, আর প্যাকেজ নিলে চুক্তি পালনের জন্য। প্যাকেজ নেওয়ার আগে যেকোনো সময় সম্মতি ফিরিয়ে নিতে পারেন; তখন আপনার পাঠানো ছবি আর তথ্য মুছে দিই।
  • সেবার খবর, বিলের এসএমএস, দাম বা শর্ত বদলের নোটিশ: চুক্তি পালন।
  • ক্রেতার তথ্য: বিক্রেতার নির্দেশে; কোন ভিত্তিতে নেওয়া হয়, তা বিক্রেতা ঠিক করেন।

৫. কার কাছে যায়

  • গ্রিনওয়েব (GreenWeb): এসএমএস পাঠানো (অর্ডারের খবর, যাচাই কোড, বিলের এসএমএস); বাংলাদেশ।
  • অ্যানথ্রপিক (Anthropic): পণ্যের ছবি দেখে নাম আর বিবরণের খসড়া লেখা; যুক্তরাষ্ট্র। তাদের কাছে পাঠানো তথ্য ৩০ দিনের মধ্যে মুছে যায় (নিয়ম ভাঙার সন্দেহ হলে সর্বোচ্চ ২ বছর থাকে), আর অনুমতি ছাড়া তাদের এআই শেখাতে ব্যবহার হয় না।
  • মেটা (Meta): শুধু সেসব ওয়েবসাইটের ক্ষেত্রে, যেগুলোতে পিক্সেল বা কনভার্সন এপিআই চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথাবার্তাও মেটার সেবায় হয়।
  • বিকাশ, নগদ, এসএসএলকমার্জ (SSLCOMMERZ), স্টেডফাস্ট আর পাঠাও: বিক্রেতার নিজের অ্যাকাউন্টে, বিক্রেতার নির্দেশে।
  • আমাদের পেমেন্ট সেবা: আমাদের কোনো বিল অনলাইনে দিলে বিলের নম্বর আর টাকার অঙ্ক, আর মালিকের নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও যে আইপি ঠিকানা থেকে টাকা দেওয়া হয় তা, টাকা নেওয়ার জন্য সেখানে যায়।
  • সার্টিফিকেট কর্তৃপক্ষ (লেটস এনক্রিপ্ট, জিরোএসএসএল): এইচটিটিপিএস চালাতে ওয়েবসাইটের ঠিকানা তাদের কাছে যায়, আর সেই ঠিকানা সর্বজনীন সার্টিফিকেট-লগে দেখা যায়।
  • সরকার বা আদালত: শুধু আইন মেনে লিখিত অনুরোধ এলে (১৫ নম্বর অংশ)।
  • নতুন কোনো সেবা যোগ হলে এই তালিকা আগে বদলাই, আর বিক্রেতাদের অন্তত ৩০ দিন আগে জানাই।

৬. দেশের বাইরে তথ্য

  • অ্যানথ্রপিক আর মেটা যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডে।
  • জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন বা বায়োমেট্রিক তথ্য আমরা নিই না।

৭. কতদিন রাখি

  • অ্যাকাউন্ট চলাকালীন তার সব তথ্য থাকে।
  • যাচাই কোড ৫ মিনিট কাজ করে, আর ২ দিনের মধ্যে মুছে যায়।
  • কার্ট ৩০ দিন থাকে।
  • বিজ্ঞাপনের ফল মাপার ইভেন্ট: মেটায় পাঠানো হলে ৩০ দিন, না হলে ৯০ দিন।
  • গ্রহণ না করা আমন্ত্রণ মেয়াদ শেষের ৩০ দিন পর মুছে যায়।
  • কুরিয়ারের পাঠানো খবরের মূল রেকর্ড ১৮০ দিন থাকে।
  • ডেটাবেস থেকে যা মুছে ফেলা হয়, তা ডেটাবেসের ব্যাকআপ থেকেও ৩০ দিনের মধ্যে চলে যায়। ছবির ব্যাকআপ আলাদা: কোনো ছবি ভুল করে মুছে ফেললে যাতে ফেরানো যায়, সেজন্য ওয়েবসাইট থেকে মুছে ফেলা ছবি সেখানে থেকে যায়।
  • বন্ধ ওয়েবসাইটের তথ্য বন্ধ হওয়ার পর অন্তত ১২ মাস থাকে; এরপর মুছতে হলে অন্তত ৩০ দিন আগে জানাই।
  • বিল, টাকার হিসাব আর "মেনে নিলাম"-এর রেকর্ড অ্যাকাউন্ট বন্ধের পর ৬ বছর থাকে।

৮. কুকি

  • আমাদের নিজেদের ওয়েবসাইটে (stallnow.com) কোনো কুকি নেই।
  • ওয়েবসাইটের অ্যাডমিনে এই দরকারি কুকিগুলো থাকে:
  • ঢোকা থাকার জন্য (১৪ দিন);
  • চেনা ডিভাইস মনে রাখতে, যাতে অন্য কেউ ভুল চেষ্টা করে আপনাকে আটকে দিতে না পারে (এক বছর);
  • আপনি মোবাইল নম্বরে নাকি ইমেইলে ঢোকেন, তা মনে রাখতে (এক বছর);
  • মোবাইলে কোড পাঠানোর পর কোডের পাতা পর্যন্ত নম্বরটা মনে রাখতে (দশ মিনিট);
  • ভাষা মনে রাখতে।
  • প্রতিটা ওয়েবসাইটের কুকির তালিকা সেই ওয়েবসাইটের "গোপনীয়তা নীতি" পাতায় থাকে; সেটা আমরা ওয়েবসাইটের সেটিং থেকে লিখে দিই।

৯. নিরাপত্তা

  • সবখানে এইচটিটিপিএস।
  • প্রতিটা ওয়েবসাইটের তথ্য আলাদা করে রাখা হয়।
  • পেমেন্ট আর কুরিয়ারের গোপন তথ্য এনক্রিপ্ট করা থাকে, আর ব্রাউজারে পাঠানো হয় না।
  • পাসওয়ার্ড আর যাচাই কোড ডেটাবেসে রাখা হয় শুধু সাংকেতিক রূপে। এসএমএসে পাঠানোর জন্য কোড কয়েক মুহূর্ত কাজের তালিকায় থাকে, আর পাঠানো হলেই মুছে যায় (না গেলে সর্বোচ্চ এক ঘণ্টা পরে)।
  • ঢোকার চেষ্টায় আর কোড পাঠানোয় সীমা আছে; কোনো নম্বরে অনেকবার ভুল কোড এলে নতুন ডিভাইস থেকে সেই নম্বরে ঢোকা বন্ধ থাকে, আর নম্বরটায় এসএমএস যায়।
  • প্রতি রাতে আলাদা জায়গায় ব্যাকআপ হয়।
  • আমাদের অপারেটরের প্রতিটা কাজ ওয়েবসাইটের কাজের হিসাবে লেখা থাকে।
  • তবু কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়।

১০. আপনার অধিকার

  • নিজের তথ্য দেখতে পারবেন, আর এক কপি নিতে পারবেন। মালিক ওয়েবসাইটের তথ্যের কপি অ্যাডমিনের "তথ্য নামান" পাতা থেকে নিজেই নামাতে পারেন; নিজের অ্যাকাউন্টের তথ্যের কপি চাইলে নিচের উপায়ে লিখুন।
  • ভুল তথ্য ঠিক করতে বলতে পারবেন।
  • মুছে ফেলতে বলতে পারবেন।
  • সম্মতি ফিরিয়ে নিতে পারবেন।
  • নিয়ম মেনে আপনাআপনি হওয়া কোনো সিদ্ধান্তে আপত্তি জানাতে পারবেন।
  • কীভাবে: হোয়াটসঅ্যাপ ০১৩০৩-৪৫১০০৫, ইমেইল touch@stallnow.com। আপনিই লিখছেন কিনা যাচাই করতে আপনার নম্বরে একটা কোড পাঠাতে পারি। ৩০ দিনের মধ্যে কাজ করি।
  • আইন যা রাখতে বলে (যেমন বিলের রেকর্ড), তা মুছতে পারি না; তখন কারণ জানাই।
  • আমাদের উত্তরে সন্তুষ্ট না হলে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন।

১১. ক্রেতারা কী করবেন

  • যে ওয়েবসাইট থেকে কিনেছেন, আগে সেই ওয়েবসাইটের বিক্রেতাকে জানান; যোগাযোগের উপায় ওয়েবসাইটের "যোগাযোগ" পাতায় আছে।
  • ৭ দিনের মধ্যে উত্তর না পেলে আমাদের লিখুন; আমরা বিক্রেতাকে জানাই আর সাহায্য করি।
  • কেনাকাটা নিয়ে অভিযোগ থাকলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও জানাতে পারেন (হটলাইন ১৬১২১)।

১২. শিশু

  • অ্যাকাউন্ট খুলতে বয়স অন্তত ১৮ বছর হতে হয়।
  • ওয়েবসাইটগুলো শিশুদের জন্য বানানো নয়। কোনো বিক্রেতা জেনে-বুঝে ১৮ বছরের কম কারও তথ্য অভিভাবকের সম্মতি ছাড়া নেবেন না।

১৩. তথ্য ফাঁস হলে

  • জানার ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিক্রেতাদের আর যাঁদের তথ্য জড়িত তাঁদের জানাই; কী হয়েছে আর কী করছি, সেটাও জানাই।
  • কর্তৃপক্ষকে জানাই তাদের নিয়ম মেনে।

১৪. এআই আর আপনাআপনি হওয়া সিদ্ধান্ত

  • এআই শুধু পণ্যের নাম আর বিবরণের খসড়া বানায়; ওয়েবসাইটে দেখানোর আগে মানুষ পড়ে দেখেন।
  • দুটো সিদ্ধান্ত নিয়ম মেনে আপনাআপনি হয়: ঢোকার চেষ্টার সীমা, আর বকেয়া বিলের সময় পেরোলে ওয়েবসাইট ক্রেতাদের জন্য বন্ধ হওয়া। দ্বিতীয়টার আগে এসএমএসে তারিখ আর সময় জানাই; আমাদের কর্মী যেকোনো সময় তা থামাতে বা ওয়েবসাইট আবার চালু করে দিতে পারেন। আপত্তি থাকলে হোয়াটসঅ্যাপে জানান।

১৫. সরকারের অনুরোধ

  • আইন মেনে লিখিত অনুরোধ এলে শুধু যতটুকু চাওয়া হয়েছে, ততটুকু দিই।
  • আইন নিষেধ না করলে সংশ্লিষ্ট বিক্রেতাকে জানাই।
  • প্রতিটা অনুরোধের হিসাব রাখি।

১৬. নীতি বদলালে

  • বদলানোর অন্তত ৩০ দিন আগে জানাই।
  • আগের সংস্করণগুলো এই পাতার নিচে তারিখসহ থাকে।

১৭. যোগাযোগ

গোপনীয়তা নীতি — স্টলনাউ